ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে আপন দুই বোন। শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিখোঁজের পর রাতভর খোঁজাখুঁজির করে শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। ঘটনার পর থেকে গোকর্ণ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে গিয়েছিল। বিকালের দিকে খালের পাশ দিয়ে ফেরার সময় হঠাৎ স্রোতের তীব্রতায় তারা ভেসে যায়। রাতভর আত্মীয়স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালায়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও অভিযান চালান। সকাল ৬টার দিকে তিতাস নদীর গোকর্ণ বেরিবাঁধ এলাকায় মারিয়ার মরদেহ ভেসে ওঠে। পরে সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।
মেয়েদের চাচা দুলাল আহমেদ বলেন, সারারাত খুঁজেছি, কেউ ঘুমায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ, সামিয়ারটা জালে আটকে ছিল। সব শেষ হয়ে গেলো আমাদের কলিজার টুকরোগুলো আর রইল না।
স্থানীয় কৃষক জাহিদ মিয়া জানান, সন্ধ্যার আগে শুনি তারা খালের পাশে ছিল। হঠাৎ পানি বাড়ায় হয়তো স্রোতে ভেসে গেছে। স্রোত এতটাই তীব্র ছিল যে কিছু করার সুযোগই পাইনি। মিনার আলী কিছুদিন হলো বিদেশে গেছে। তার চার সন্তানের মধ্যে এ দুজন বড়।
এবিষয়ে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা এলাকাবাসীকে অনুরোধ করছি, বর্ষাকালে নদী বা খালের পাশে গেলে যেন বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, খবর পেয়ে এসিল্যান্ডসহ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান না পাওয়ায় মাইকিং করে পুরো এলাকায় নিখোঁজের সংবাদ জানানো হয়। পরে সকালে তাদের লাশ পাওয়া গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি-জনতা
জামালপুরে ভিজিএফের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ