সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:১৭ পিএম

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরিয়ে স্থল সুস্পষ্ট লঘুচাপটি এখন দুর্বল হয়ে পড়েছে। ফলে দেশের চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের নদীবন্দরগুলোতে এখনো এক নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

শনিবার (৩১ মে) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়দিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, সামনে যেহেতু বর্ষাকাল, কিছু কিছু জায়গায় থেমে-থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবেই। তবে, গেল দুইদিনের মত এরকম ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি পরিণত হয় গভীর নিম্নচাপে।

এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত