তামাক নিয়ন্ত্রণে তামাক কোম্পানিগুলো নানা রকম বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি সবাইকে নিয়ে এসব বাধা মোকাবিলা করার আহ্বান জানান। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজ চলছে। গতকাল শনিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তামাক কোম্পানিগুলো শ্রমিকদের শোষণ করছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেন, ‘তারা আমাদের শ্রমিকদের শোষণ করে, দেশের মাটি, আলো-বাতাসে বিষ ছড়িয়ে দিচ্ছেÑ এটা আমরা কখনোই মেনে নিতে পারি না।’
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ই-সিগারেট আমদানি নিষিদ্ধ হলেও তামাক কোম্পানিগুলো দেশে উৎপাদনের চেষ্টা করছে। তাদের কারখানাগুলোয় শ্রমিকদের শোষণ করা হচ্ছে।’
ধূমপানকে সব নেশার প্রবেশদ্বার উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘তামাক কোম্পানিগুলো গবেষণা করে তাদের বাজার তৈরি করে। অথচ আমরা আমাদের সন্তানদের রক্ষায় তেমন উদ্যোগ নিচ্ছি না। ধূমপানবিরোধী লড়াইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বড় ভূমিকা থাকা উচিত।’
এ সময় বিশেষ সহকারী বলেন, তামাক কোম্পানির প্রভাব ধীরে ধীরে রাষ্ট্রের ওপরও পড়ছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্ত অবস্থান নিতে হবে।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেল সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর প্রমুখ। পরে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৫’ দেওয়া হয়।
