‘আমি দেম্বেলেকেই ব্যালন ডি’অর দেব’

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:১৬ পিএম

ক্যারিয়ারের কী অসাধারণ মুহূর্ত কাটাচ্ছেন উসমান দেম্বেলে। ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৫৪ ম্যাচে ৪৮ গোলে অবদান রেখেছেন। রক্ষণে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজে করেছেন ৩৫টি গোল, করিয়েছেন ১৩টি। লিগ আঁতে জিতেছেন গোল্ডেন বুট। ট্রফি ক্যাবিনেটে আছে লিগ আঁ, কোপা দে ফ্রান্স, ফ্রান্স সুপার কাপ এবং সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

দুর্দান্ত পারফর্মেন্সের কারণে অনেকেই ব্যালন ডি’অরের দৌড়ে এই ফরাসি ফরোয়ার্ডকে এগিয়ে রেখেছেন। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর একই কথা বললেন পিএসজি কোচ লুইস এনরিকে, ‘সবাই ব্যালন ডি’অর নিয়ে কথা বলছে, আমি ওটা উসমান দেম্বেলেকেই দেব। আমরা দেখেছি, সে কীভাবে রক্ষণে নেতৃত্ব দিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে নিজের সামর্থ্য। সে একজন নেতা কিন্তু বিনয়ী এবং রক্ষাকর্তা। কোনো সন্দেহ নেই, সে এটি পাওয়ার যোগ্য। এমন একটি মৌসুম আমরা তার কাছ থেকে পেয়েছি, সে অসাধারণ ছিল।’

রবিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে দেম্বেলে বলেছিলেন, ‘গত জানুয়ারি থেকে আমাদের মানসিকতা পুরোপুরি বদলে গেছ এবং সেটা ধরে রাখতে চাই। পিএসজির ফুটবলার হলে আপনাকে অবশ্যই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়কেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমার সব মনোযোগ দলের প্রতি, ব্যক্তিগত ট্রফিতে নয়। সত্যি বলতে, এটা (ব্যালন ডি’র) আমার মনের কোণে আছে। তবে আমার মনোযোগ পুরোপুরি দলের দিকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত