আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব: দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম

আপডেট : ০১ জুন ২০২৫, ০৭:৫১ পিএম

পটুয়াখালীর দুমকিতে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের আবদুল কাদের (১৯) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে অপর গ্রুপের সদস্যরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন সড়কে এ সহিংসতার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের বেলাল-শান্ত গ্রুপের সঙ্গে মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সন্তোষদি গ্রামের রফিক হাওলাদারের ছেলে হাসিব ও আনোয়ার হাওলাদারের ছেলে সিয়াম গ্রুপের পূর্ববিরোধ ছিল। ঘটনার সময় বেলাল, শান্ত গ্রুপের সহযোগী চরবয়েড়া গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর কাদের বোর্ড অফিস ব্রিজ এলাকায় গেলে হাসিব ও আনোয়ারের নেতৃত্বে ৫/৬ কিশোর কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম অভিযুক্ত হাসিব, সিয়ামসহ ৬ জনকে আসামি করে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বোর্ডঅফিস ব্রিজ এলাকার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, চরবয়েড়ার তালতলি বাজার ও মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের দুই কিশোর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব আছে। আগেও বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের বিরুদ্ধে নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগ আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত