কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন- একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন (৪৫) ও তার সঙ্গী একরাম (৩২)।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনরা জানান, রামুর গর্জনিয়া হাট থেকে সাত–আটজন মিলে দুটি গরু কিনে বাড়ি ফিরছিলেন আহমদ হোসেনের নেতৃত্বে। পথিমধ্যে রাত একটার দিকে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে গরু দুটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে গরুগুলো উদ্ধার করতে গেলে ছিনতাইকারীরা হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে গুরুতর আহত হন সালাউদ্দিন পারভেজ, আহমদ হোসেন ও একরাম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন,প্রাথমিকভাবে জানা গেছে গরু ছিনতাইয়ের জেরে এই ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় জাহেদ গ্রুপের দুইজনকে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ফিরতি ট্রেনের ১৩ জুনের টিকিট বিক্রি চলছে