আইপিএল জিতে কোহলি বললেন টেস্ট ক্রিকেটই সর্বশ্রেষ্ঠ

আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:১৪ এএম

দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিরাট কোহলির হাতে উঠল আইপিএল শিরোপা। গতকাল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফ্র্যাঞ্চাইজি আসরের শিরোপা জিতে কোহলি ঘোষণা করলেন, টেস্ট ক্রিকেটই সর্বশ্রেষ্ঠ। তরুণ ক্রিকেটারদের দিলেন টেস্ট খেলার পরামর্শ।

শিরোপা উদযানপের মাঝে ধারাভাষ্যকার ম্যাথু হেইডেনের সঙ্গে আলাপচারিতায় কোহলি বলেন, ‘এই শিরোপা জয় অবশ্যই আমার ক্রিকেটজীবনের সেরা মুহূর্তগুলোর মাঝে একটি। তবু বলব, টেস্ট ক্রিকেট খেলার তুলনায় এই আইপিএল ট্রফি পাঁচ ধাপ পেছনে থাকবে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই উঁচুতে রাখি, এতটা ভালোবাসি।’

কোহলি আরও বলেন, ‘যেসব তরুণ ক্রিকেটারেরা উঠে আসছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে, সম্মানের সঙ্গে টেস্ট খেলে যাও। যদি টেস্টে ভালো করতে পার, তাহলে বিশ্বের যে কোনো জায়গায় বুক ফুলিয়ে চলতে পারবে। লোকে তোমার দিকে তাকিয়ে দেখবে। এগিয়ে এসে হাত মিলিয়ে বলবে- দারুণ খেলেছ।’

বিশ্ব ক্রিকেটে সম্মান আদায় করে নিতে হলে টেস্ট ক্রিকেটের থেকে ভালো কিছু হয় না বলে মনে করেন কোহলি। তার কথায়, ‘নিজের সবটুকু উজার করে টেস্ট ক্রিকেট খেলে যাও। যদি তুমি চমকে দেওয়ার মতো কিছু করতে পার, তাহলে ক্রিকেট বিশ্ব কিংবদন্তিদের পাশে তোমাকে স্থান দেবে। মাঠ এবং মাঠের বাইরে হৃদয় জিতে নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত