ছুটিতেও বিএমইউ হাসপাতালে ৩ দিন বহির্বিভাগ খোলা

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৫০ এএম

ঈদের ছুটিতেও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএমইউ) বহির্বিভাগ তিন দিন খোলা থাকছে। এই তিন দিন, অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার, ৮ জুন রবিবার ও ১১ জুন  বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা পাবেন রোগীরা। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হাসপাতাল কর্র্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছুটির দিনগুলোতে প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।  বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে।

বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

ঈদের দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ জুন ঈদের দিন ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত