ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৫১ এএম

ঈদুল আজহা উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ তার আগের সাত দিন এবং পরের পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগ-সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়কপথে যাত্রীদের নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় সিএনজিচালিত যানবাহনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই সময়কালে সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক সেবা দেবে।

দীর্ঘদিন ধরে গ্যাসসংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় রেশনিং পদ্ধতি কার্যকর রয়েছে। বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা হয়। এই বন্ধের সময়সূচি সময়ে সময়ে সামান্য পরিবর্তন হলেও এটি সারা বছরই কার্যকর থাকে। তবে, ঈদের সময় সাধারণত এই বিধিনিষেধ শিথিল করে স্টেশনগুলো খোলা রাখার রেওয়াজ চলে আসছে। জ্বালানি বিভাগের এই উদ্যোগ ঈদযাত্রায় যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত