বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ডেভ হোয়াটমোরের নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান এই কোচ বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রেখেছেন। ওই সময়টা ছিল দেশের ক্রিকেটের অন্যতম টার্নিং পয়েন্ট। সেই হোয়াটমোরকেই এবার নিয়োগ দিয়েছে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
এক বিবৃতিতে এমসিএ জানিয়েছে, ‘ডেভ হোয়াটমোর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহু পূর্ণ সদস্য দেশের সঙ্গে কাজ করেছেন। তার অভিজ্ঞতা মালয়েশিয়াকে একটি শক্ত ভিতের ক্রিকেট কাঠামো গড়তে সহায়তা করবে। পুরুষ দলের পাশাপাশি নারী দল গঠনেও তিনি ভূমিকা রাখবেন।’
২০২৫-২৬ সালের জন্য উচ্চমানের পারফরম্যান্স রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবেই ৭১ বছর বয়সী ডেভ হোয়াটমোরকে এই গুরুদায়িত্ব দিয়েছে এমসিএ। এছাড়া পাকিস্তানের সাবেক ব্যাটার বিলাল আসাদ হয়েছেন জাতীয় দলের নতুন প্রধান কোচ। আর ইমার্জিং দলকে দেখভাল করবেন মালয়েশিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার রাকেশ মাধভানন।
উল্লেখ্য, হোয়াটমোরের আমলেই বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে শুরু করেছিল। উঠে এসেছিলেন মাশরাফি-সাকিব-তামিমের মতো সুপারস্টারেরা। বাংলাদেশ ছাড়াও হোয়াটমোর শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার হয়ে জিতেছেন বিশ্বকাপ।
শিরোপার উৎসব কেড়ে নিল ১১ প্রাণ; কোহলিদের শোক, ক্ষতিপূরণ ঘোষণা
রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল
৭ মাস পর জাতীয় দলে ফেরা মেসি কি চিলির বিপক্ষে খেলবেন?