ঘরমুখী যাত্রীদের চাপ আরিচা ঘাটে, নৌযান সংকটে চরম ভোগান্তি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

ঈদুল আজহায় আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড চাপ বৃদ্ধি পায়। ঈদের দু’দিন আগে বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য যাত্রী আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে নৌযান সংকটে পরে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়। তবে ঘাটে প্রশাসনের কড়া নজরদারি দেখা গেছে। কিন্তু, সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পর্যাপ্ত লঞ্চ ও স্পিডবোট না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের ১৩টি জেলায় যানবাহন চলাচলের জন্য অন্যতম পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহৃত হয়ে আসছে। এ রুটে ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালু রয়েছে। অপরদিকে, আরিচা-আজিরহাট রুটে ৫টি ফেরি, ১৩টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট রয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে এ রুটে ব্যাপক যাত্রী বৃদ্ধি পায়। সে অনুযায়ী পর্যাপ্ত লঞ্চ ও স্পিডবোট না থাকায় আরিচা ঘাটে অনেক যাত্রী আটকা পড়ে। যদিও ফেরি সার্ভিস চালু থাকায় অনেকেই গন্তব্যে রওয়ানা দেয়।

পাবনাগামী নুরুল ইসলাম জানান, দ্রুত আরিচা থেকে কাজিরহাট যাওয়ার জন্য স্পিডবোট সার্ভিস থাকলে ঘাটে এর স্বল্পতা থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা থেকে বাসে স্বাচ্ছন্দ্যে এসেও ঘাটে নৌযান সংকটে অযথা সময় ব্যয় হচ্ছে।

গার্মেন্টসকর্মী ফুলমতি বানু জানান, নদী পার হওয়ার জন্য সপরিবারে আরিচা ঘাটে এসে টিকিট নিয়ে লঞ্চে উঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে, সময়মতো বাড়ি না পৌঁছার সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দর উপ-পরিচালক মো. সেলিম শেখ জানান, এ দুই রুটে যাত্রী পারাপারে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল করছে। সন্ধ্যার আগে স্পিডবোট চলাচল বন্ধ থাকার নিয়ম থাকলেও লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত