নবজাতক শিশুদের জন্য প্রথম মাতৃদুদ্ধ ব্যাংক বা হিউম্যান মিল্ক ব্যাংক খুলেছে নেপাল। নেপালের সরকার ও ইউনিসেফের অর্থায়নে রাজধানী কাঠমান্ডুতে স্থাপন করা হয়েছে ‘অমৃত কোষ’ নামের এই ব্যাংক।
কাঠমান্ডুতে মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপনের ক্ষেত্রে মূলত এসব অপরিণত ও বিপদগ্রস্ত শিশুদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে নেপালের সরকার। তাছাড়া দেশটিতে উচ্চমাত্রায় শিশুমৃত্যুর হার এবং প্রতি বছর ক্রমশ জন্মহার কমতে থাকাও এই ব্যাংক স্থাপনের বড় দু’টি কারণ।
স্বাভাবিকের চেয়ে কম ওজন এবং বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুদের ‘অপরিণত শিশু’ বলা হয়। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে প্রতি বছর জন্ম নেয় ১৫ লাখেরও বেশি অপরিণত শিশু। এই শিশুদের মধ্যে ৮১ হাজারের জন্ম হয় নেপাল ও অন্যান্য নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে।
বর্তমানে ‘অমৃত কোষ’-এর যে সক্ষমতা, তাতে প্রতি মাসে ৫০০ জন শিশুকে নিয়মিত মাতৃদুগ্ধ সরবরাহ করা সম্ভব উল্লেখ করে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের প্রধান ডা. বিবেক কুমার লাল বলেন, ‘নবজাতক শিশুদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি একদিকে যেমন শিশুর পুষ্টির প্রধান উৎস, তেমনি অন্যদিকে শিশুর স্বাভাবিক রোদ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এই দুধ। তাছাড়া নবজাতকদের নিয়মিত দুধ পান করানো প্রসূতি মায়ের স্বাস্থ্যের জন্যও ভালো।’
