১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও সিঙ্গাপুর জাতীয় দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারি থেকে দেখার সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ফুটবলাররা। বাফুফে বেশ কয়েকজন তারকার হাতে পৌঁছে দিয়েছে ম্যাচের টিকিট। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ফুটবলাররা।
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আবদুল গাফফার বাফুফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'অতীতে এভাবে কখনও আমাদের সম্মান জানাতে দেখিনি বাফুফের পক্ষ থেকে। ফুটবল ফেডারেশন এই উদ্যোগ নেওয়ায় তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা সবাই আগামীকাল (১০ জুন) গ্যালারিতে উপস্থিত হয়ে নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জানানোর চেষ্টা করবো। আশা করবো নতুন প্রজন্মের ফুটবলাররা দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং আমাদের গর্বিত করবে।'
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট হাতে না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার আমিনুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রাজনীতির সঙ্গে যুক্ত এই সাবেক তারকা বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে সাবেক ফুটবলারদের টিকিট দিয়ে সম্মান জানানোর। বাফুফেও সেই উদ্যোগ নিয়েছে, যা অতীতে কখনও নিতে দেখা যায়নি।
