সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের জন্য বাফুফের নির্দেশনা

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:৩৬ এএম

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সুন্দরভাবে আয়োজনের জন্য নানা উদ্যোগ নিয়েছে বাফুফে। স্টেডিয়ামে প্রবেশে বিশৃঙ্খলা এবং টিকিট কালোবাজারি রুখতে দর্শকদের কয়েকটি নির্দেশনা দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচ শুরুর ৫ ঘণ্টা আগে বেলা ২টা থেকেই দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্তলাইনে দাঁড়ানোর জন্য ২টি লেন বরাদ্দ থাকবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। ঈদের ছুটি এবং আশপাশের অফিস বন্ধ থাকায় সড়ক ব্যবহারের এই সুবিধা শুধু এবারের জন্যই দেওয়া হয়েছে।

টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং এমন কাউকে প্রবেশের চেষ্টা না করতে অনুরোধ করেছে বাফুফে। সব টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং শহরের বিভিন্নস্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। জাতীয় স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত