কুমারখালীতে চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতনের পর চুল কর্তন

আপডেট : ১০ জুন ২০২৫, ০৮:২০ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গাছে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও তার বাড়িতে ভাঙচুর এবং গরু, ছাগল ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। 

সোমবার (৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুরের ঘটে এ ঘটনা। ঘটনার শিকার রিনা খাতুন (৩০) ওই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রিনা খাতুন। তার শরীরের একাধিক স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। 

ভুক্তভোগী রিনা খাতুন বলেন, ‘রিপন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকতে গেলে তার স্ত্রী মুক্তি খাতুন মাংস চুরির অপবাদ দিয়ে বেঁধে রাখে। তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এরপর রাতে গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে মারধর করে। মুক্তি ও পারভিন আমার চুলকেটে দিয়েছে। বাড়িতে ভাঙচুর ও গরু, ছাগল, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।’

এ বিষয়ে ইলেকট্রিক মিস্ত্রি রিপন বলেন, ‘রিনা ঘর থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছিল। তার ভাষ্য, রিনা এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেছে। সেই রাগে লোকজন ধরে মারধর করে চুল কেটেছে। আমরা এর সঙ্গে জড়িত নয়।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘চুরির অভিযোগে এক নারীর চুল কেটে দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এ  বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত