কলম্বিয়ার সঙ্গে ১-১ গোল ড্র করে বাছাইপর্বে হোঁচট খেয়েছে আরও আগেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা। ম্যাচের শেষদিকে কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছেন এনজো ফার্নান্দেজ। বুটের আঘাতে রক্তাক্ত হয়েছেন কাস্তানো। কী হয়েছিল সেই মুহূর্তে?
ম্যাচের তখন ৭০ মিনিট চলছে। আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে আছে। কেভিন কাস্তানো হেড করতে গেলে পা উঁচু করে শট করে বসেন এনজো ফার্নান্দেজ। তার বুট গিয়ে লাগে কাস্তানোর মাথায়। বুটের আঘাতে কাস্তানোর কপাল কেটে যায়। রক্ত ঝরতে থাকে। তিনি মাঠ ছাড়লে বদলি হিসেবে খেলতে হুয়ান আরিয়াস। এমন কাণ্ডের পর এনজোকে লাল কার্ড না দেখানোর কোনো কারণ ছিল না।
কাস্তানোকে যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান প্লেমেকার হামেস রদ্রিগেজের সঙ্গে কথার লড়াই শুরু হয় লিওনেল মেসির। এনজোর লাল কার্ড দেখা মানতে পারছিলেন না মেসি। পরে রেফারি এবং সতীর্থরা গিয়ে পরিস্থিত সামলান। ৭৭ মিনিটে মেসিকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত থিয়াগো আলমাদার গোলে কোনোমতে হার এড়ায়।
