ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে ঢুকে ভল্ট থেকে টাকা চুরি

আপডেট : ১১ জুন ২০২৫, ০২:১৩ পিএম

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকার সুযোগে রাজধানীর কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকে সংঘটিত চুরির ঘটনায় মাত্র দুই দিনের মধ্যে ১৫ লাখ টাকার বেশি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে তিন চোরও।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, ৯ জুন রাতে রোহিতপুর ইউনিয়নের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংক শাখায় চুরি সংঘটিত হয়। ঈদের বন্ধে ব্যাংক বন্ধ থাকায় সুযোগটি নেয় তিনজন চোর। তারা শাখাটির ওয়াশরুমের ভেন্টিলেটরের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে, এরপর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দেয় এবং ভল্টে থাকা ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনার তদন্তে নেমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১) কে গ্রেপ্তার করে। পরে তার কেরানীগঞ্জের বন্দর ডাকপাড়া এলাকার বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযানে পুলিশ কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে।

অপর অভিযানে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় আসামি ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকা।

চুরি হওয়া মোট ১৫ লাখ ৩০ হাজার টাকার মধ্যে পুলিশ ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি হার্ডডিস্ক, চুরির কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি শাবল।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত