দিনাজপুরে ট্রাক চালক ধরিয়ে দিলো গরু চোরকে

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করা গরুসহ ২ চোরকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন গরু বহনকারী এক ট্রাক চালক। এই ঘটনায় বুধবার (১১ জুন) রাতে গরুর মালিক মিন্টু পাহাড়ী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানা একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে বুধবার বিকালে পৌরশহরের চাম্পাতলী এলাকার স্থানীয়রা চুরি করা গরুসহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে দেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌরশহরের সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার আজিজ মন্ডলের ছেলে মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল করীম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরি করা গরু জয়পুরহাটে বিক্রি করার জন্য একটি ছোট ট্রাক ভাড়া করে ওই দুই চোর। ট্রাকে গরু উঠানোর পর চালকের কাছে তাদের কথা বার্তা সন্দেহজনক মনে হয়। সেসময় তাদের কিছু বুঝতে না দিয়ে চালক তার পরিচিত পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল (সংরক্ষিত) জোসনা বেগমকে বিষয় জানান এবং কৌশলে ট্রাক চালিয়ে গরুসহ ওই দুইজনকে পৌরশহরের চাম্পাতলী এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা লোকজনের হাতে গরুসহ ওই দুইজনকে তুলে দেন ট্রাক চালক। পরে ওই এলাকার মিন্টু পাহাড়ি গরুটি নিজের বলে সনাক্ত করেন।

এর আগে গেল মঙ্গলবার গভীররাতে পৌরশহরের চাম্পাতলী এলাকার মিন্টু পাহাড়ির বাড়ির মাটির দেওয়ার কেটে একটি গাভিন গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসাসিদের বৃহস্পতিবার (১২ জুন) আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত