ম্যাচ হেরে প্রতিপক্ষকে গালিগালাজ করে বিতর্কে টেনিস তারকা

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:৪৭ এএম

স্টুটগার্ট ওপেনে প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ইতালির ফ্যাবিও ফগনিনি এবং ফ্রান্সের কোরেন্তিন মৌতেত। তিন সেটের লড়াই হেরে মেজাজ ঠিক রাখতে পারেননি ফগনিনি। প্রতিপক্ষ মৌতেতকে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন! অবশ্য মৌতেতও জবাব দিতে ছাড়েননি।

আলোচিত ম্যাচটিতে প্রথম সেট জিতে নেন মৌতেত। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে কামব্যাগ করেন ফগনিনি।  তৃতীয় সেট আবারও মৌতেতের পক্ষে আসে। শেষ পর্যন্ত তিনি ৬-৪, ৬-৭, ৬-৩ সেটে ম্যাচ জিতে যান। খেলা শেষে দুজনে হাত মেলানোর পর ফগনিনি কিছু বলার জন্য মৌতেতের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু মৌতেত মুখ ফিরিয়ে নেন। তাতে মেজাজ হারিয়ে ফগনিনি অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন।

মৌতেতও কম যাননি। তিনিও পাল্টা গালাগাল শুরু করেন। অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, মৌতেত কোনো খারাপ ভাষা ব্যবহার করেননি। একপর্যায়ে চেয়ার আম্পায়ার হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। ফগনিনি অবশ্য এর আগেও বিতর্কে জড়িয়েছেন। ২০১৭ সালে ইউএস ওপেনে ডবলস ম্যাচ খেলার সময় চেয়ার আম্পায়ারকে গালিগালাজ করে টুর্নামেন্ট থেকে বহিস্কার হয়েছিলেন।

টোকিও অলিম্পিকে খেলার সময় সমকামবিরোধী মন্তব্য করে আবারও সমালোচিত হন ফগনিনি। অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়রা তার এসব মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। অলিম্পিক কমিটিও বিষয়টা ভালোভাবে নেয়নি। বাধ্য হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল ফগনিনিকে। কিন্তু সেখান থেকে যে তিনি শিক্ষা নেননি, সেটা তার এবারের কাণ্ড থেকে স্পষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত