‎মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে চোকার্স তকমা ঘোচানোর সুযোগ দ. আফ্রিকার ‎

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:১২ এএম

বহু বছরের আক্ষেপ আর হতাশা ঘোচানোর সুযোগ এখন দক্ষিণ আফ্রিকার সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে প্রোটিয়ারা মাত্র ৬৯ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে ৮ উইকেট। এই জয় পেলে শুধু অধরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাই নয়, নিজেদের নামের সাথে সেঁটে থাকা 'চোকার্স' তকমাও ঝেড়ে ফেলার সুযোগ পাবে তারা।

‎লর্ডসে রোমাঞ্চকর তৃতীয় দিন শেষে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকার পুরনো ইতিহাসের দিকে। বড় মঞ্চে বারবার ভেঙে পড়ার অভ্যাস যদি আরও একবার ফিরে আসে, তবেই হয়তো বাঁচতে পারে প্যাট কামিন্সের দল। কিন্তু এইডেন মার্করামের অপরাজিত ১০২ রানের অনবদ্য ইনিংস এবং হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রিজে টিকে থাকা অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত ৬৫ রান প্রোটিয়াদের জয়ের স্বপ্ন দেখাচ্ছে। দিনশেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২১৩ রান।

প্রথম দুই দিন বোলারদের দাপটের পর পিচ কিছুটা শান্ত হলেও, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে ২৮২ রানের লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। সকালে ১১ নম্বর ব্যাটার জশ হ্যাজেলউডকে সাথে নিয়ে মিচেল স্টার্কের করা ৫৮ রানের মূল্যবান ইনিংসটি অজিদের লড়াইয়ে ফেরায়। বল হাতেও স্টার্ক দুটি উইকেট তুলে নিয়ে তার বড় ম্যাচের মানসিকতার প্রমাণ দেন।

‎কিন্তু দিনের শেষ ভাগে লর্ডসের উজ্জ্বল রোদের নিচে দক্ষিণ আফ্রিকার সমর্থকরা যখন প্রতিটি রানের সাথে গর্জে উঠছিলেন, তখন মার্করাম এবং বাভুমা অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়ে তুলেছেন। তাদের দৃঢ়তার সামনে প্যাট কামিন্সের সব পরিকল্পনা ব্যর্থ মনে হচ্ছিল। এই ধরনের পরিস্থিতিতে দলের সেরা বোলার নাথান লায়নও তেমন কোনো সুবিধা করতে পারেননি।
‎খন চতুর্থ দিনে বাকি ৬৯ রান তুলে নিতে পারলেই ক্রিকেট বিশ্ব এক নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেবে এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২১২ ও ২০৭ দক্ষিণ আফ্রিকা: ১৩৮ ও ২১৩/২ (তৃতীয় দিন শেষে)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত