যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

ঈদুল আজাহার ছুটিতে ঘরে ফের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থলে ফেরা শুরু করেছে। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে রাজধানীমুখী যানবহণের অতিরিক্ত চাপ বেড়েছে। ফলে বাস-ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের অতিরিক্ত চাপে শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট ও ধীরগতি দেখা দিয়েছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী শত শত যাত্রী।

আজ শনিবার সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ কাঠালতলা ও কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে মাঝে মাঝে তীব্র যানজট ও ধীরগতি দেখা দিচ্ছে। কামারখন্দ উপজেলার ঝাউল ওভার ব্রীজ থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট বেশি দেখা দিচ্ছে।

সয়দাবাদ ইউনিয়নের কাঁঠালতলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা গার্মেন্সকর্মী আব্দুল আজিজ সরকার বলেন, ছুটি শেষ। তাই কর্মস্থলে যাওয়ার জন্য পরিবার নিয়ে রওনা হয়েছি। কিন্তু সকাল থেকেই গাড়ির ব্যাপক চাপ। এ কারণে সেতু পারাপার হতে পারছি না।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঈদের ছুটির আজ শেষ দিন। তাই এ মহাসড়কে যানবাহণের চাপ বেশি থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দুপুর থেকে এই চাপ কমতে শুরু করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, রবিবার থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকবে। এ কারণে ঈদের ছুটির আজই শেষ দিন। তাই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে দলে দলে কর্মস্থলে ছুটছে মানুষ। এতে এ মহাসড়কে যানবাহণের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় কিছু স্থানে যানজট আবার কিছু স্থানে যানবাহণ ধীরগতিতে চলছে। তবে হাটিকুমরুল গোলচত্ত্বরে কোনো সমস্যা নেই। সেতুর পশ্চিম অংশে যানবহণ থেমে থেমে চলছে।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহণ যমুনাসেতু দিয়ে পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরাঞ্চলে পৌঁছেছে ১৮ হাজার ৩৬৫টি ও ঢাকায় পৌঁছেছে ৩০ হাজার ৮১৭টি যানবাহণ। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত