বোকা জুনিয়র্সের বিপক্ষে বেনফিকার শুরুর একাদশে খেলবেন ডি মারিয়া

আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:১০ পিএম

ক্লাব বিশ্বকাপে বেনফিকা-বোকা জুনিয়র্সের হাই-ভোল্টেজ ম্যাচের আগে দলে এক প্রকার চমকই এনে দিলেন ব্রুনো লাজ। আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়াকে একাদশে রাখার ঘোষণা দিয়ে ম্যাচের আগেই আলোচনায় উঠে এসেছেন বেনফিকা কোচ। ফিডিওর জন্য এটাই হতে যাচ্ছে বিদায়ী আসর—এই প্রতিযোগিতা শেষে নিজ শহরের ক্লাব রোসারিও সেন্ট্রালে ফিরছেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার (বাংলাদেশ সময় ভোর ৪ টায়) মুখোমুখি হবে পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ও আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে মিগুয়েল রুসোর দল।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বেনফিকা কোচ লাজ বলেন, 'এটা ছোট একটা প্রতিযোগিতা—মাত্র তিনটি ম্যাচ। আমাদের হাতে সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহের সুযোগ। সুতরাং প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।' সদ্য শেষ হওয়া মৌসুমে স্পোর্টিং লিসবনের কাছে পর্তুগিজ কাপ ফাইনালে হারের পর এবার ভিন্ন মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় পর্তুগিজ দলটি।

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া কাপ—সবই হাতছাড়া হলেও জানুয়ারিতে ঘরোয়া লিগ কাপ জয়ের রেশ বয়ে চলেছে বেনফিকা শিবিরে। এ নিয়ে কোচ বলেন, 'আমরা জানি বোকা বড় দল। তবে বোকাও জানে, তাদের সামনে একটা শক্তিশালী দল দাঁড়িয়ে। আমাদের দলে আছে বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকারা—ওটামেন্ডি ও দি মারিয়া, যারা বোকাকে ভালোভাবেই চেনে। তাদের দেওয়া তথ্য আমাদের কাজে লাগবে।'

৪০ ম্যাচে ১৫ গোল ও ১০ অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা ইতোমধ্যেই প্রমাণ দিয়েছেন ৩৬ বছর বয়সী দি মারিয়া। প্রস্তুতি ম্যাচে ট্যাম্পা বে রাউডিজকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন তিনি, করেছেন জোড়া গোল।

ফিডিওর জন্য এটাই শেষবারের মতো বেনফিকার হয়ে মাঠে নামা। প্রথম দফায় ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদ শেষ করে ফিরে যাচ্ছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে।

বিশ্বকাপের এই আসরে বেনফিকার সঙ্গে একই গ্রুপে আছে বায়ার্ন মিউনিখ ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি। বোকাকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে বাকিদের বিপক্ষে মাঠে নামতে চায় পর্তুগিজ ক্লাবটি।

ফিডিওর বিদায়ী মঞ্চটি কতটা রঙিন হয়, তার প্রমাণ মিলবে সোমবার রাতেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত