বাংলাদেশে গুমবিরোধী পদক্ষেপে সন্তোষ প্রকাশ জাতিসংঘ প্রতিনিধিদলের

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

বাংলাদেশ সরকারের সাম্প্রতিক গুমবিরোধী উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের গুমসংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের (WGEID) প্রতিনিধিরা। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এই মূল্যায়ন করেন।

সকালে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলটি ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছে।

বৈঠকে প্রতিনিধিরা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিকভাবে গুমবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ‘International Convention for the Protection of All Persons from Enforced Disappearance (ICPPED)’-এ অনুগমন একটি সাহসী ও যথাসময়ে নেওয়া সিদ্ধান্ত। তাঁদের মতে, এটি দেশের মানবাধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

প্রতিনিধিরা সরকার গঠিত গুম তদন্ত কমিশনের (Commission of Inquiry – COI) কার্যক্রমের প্রশংসা করেন। তাঁদের ভাষায়, এই উদ্যোগ গুমের মতো স্পর্শকাতর ঘটনার নিরপেক্ষ ও জবাবদিহিমূলক তদন্তকে নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি, তারা সরকারের রাজনৈতিক সদিচ্ছাকেও স্বাগত জানান।

ওয়ার্কিং গ্রুপ জানায়, গুমবিরোধী কার্যক্রমে সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী তারা। প্রতিনিধি দলটি বলেছে, জাতিসংঘের ম্যান্ডেটের আওতায় কীভাবে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া যায়, তা তারা অনুধাবন করতে চায়।

বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘মানবাধিকারের সুরক্ষা, প্রসার এবং গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আমরা জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা স্বাগত জানাই।’

প্রসঙ্গত, সফরের অংশ হিসেবে জাতিসংঘের প্রতিনিধি দল গুমবিষয়ক বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। এসবের ভিত্তিতে তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন উপস্থাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত