সড়কের পাশে পড়ে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

ময়মনসিংহে রুহুল আমিন আকাশ নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার লাশ পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শান্তিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুহুল আমিন আকাশ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আকাশকে সড়কে পাশে দেখতে পান পথচারীরা। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে আকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে বলা সম্ভব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত