বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আগামী মৌসুমে টুর্নামেন্টটির পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম।
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে দায়িত্ব নিচ্ছেন ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে।
এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে আগের মতোই দায়িত্বে থাকছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নতুন করে কাউন্সিলের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ফাহিম সিনহা।
আগামী আসরের আগে বিপিএলের কাঠামোয় গুরুত্বপূর্ণ কিছু সাংগঠনিক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বোর্ড সূত্রে। চেয়ারম্যান পদে রদবদলের মধ্য দিয়ে সেই প্রস্তুতিরই অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল ইতিমধ্যে দেশীয় ক্রিকেটে জনপ্রিয়তার এক বড় মঞ্চে পরিণত হয়েছে। তবে বারবারই এ টুর্নামেন্টের আয়োজন, সময়সূচি ও বাণিজ্যিক কাঠামো নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিসিবি। তাই নতুন চেয়ারম্যানের অধীনে কতটা পরিবর্তন ও পেশাদারিত্ব আসে, সেটিই এখন দেখার বিষয়।
বেশি টেস্ট খেলেও কেন ফাইনাল খেলতে পারে না ইংল্যান্ড
'মাস্তান'-এর মোহে পড়েছেন রিয়াল বস 