মেসির ৫০তম গোলে পর্তুগালের ক্লাবকে হারাল মায়ামি

আপডেট : ২০ জুন ২০২৫, ১২:৫৯ পিএম

ইন্টার মায়ামির হয়ে ৫০তম গোলটি করে ফেললেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার নিজের ৬১তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন, যে ম্যাচে পর্তুগালের ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মেজর লিগ সকারের দলটি।

বৃহস্পতিবার রাতের ম্যাচটির প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল পোর্তোই। দারুণ এক পেনাল্টি গোলে তাদের এগিয়ে দেন স্যামু আগেহোয়া। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। এরপরই আসে মেসির সেই জাদুকরী মুহূর্ত।

ম্যাচের ৫৪ মিনিটে ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন মেসি। নিজেই বল সেট করেন। এরপর নিখুঁত বাঁকানো ফ্রি কিকে বোকা বানান পোর্তোর ক্লদিও রামোসকে। দলকে ২-১ গোলে এগিয়ে দেওয়ার পর তার উদযাপন ছিল দেখার মতো। এই গোলটি ম্যাচে ব্যবধান গড়ে দেয়। 

এই জয়ে দারুণ এক ইতিহাসও গড়েছে মেজর লিগ সকারের দলটি। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে তারা এই প্রথম জয় পেল। পাশাপাশি গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেসিদের। 

দুম্যাচে তাদের পয়েন্ট ৪। শেষ ম্যাচ খেলবে মায়ামি ব্রাজিলের পালমেইরাসের সংগে, যারা গতকাল আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত