আমরা ছোট দল, তবে আমাদের হাতে অস্ত্র আছে, বললেন মেসি

আপডেট : ২০ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

‎প্রথমবার কোনো ইউরোপীয় দলকে হারানোর পর  অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ইন্টার মায়ামি ছোটো দল হতে পারে, তবে তাদের হাতে অস্ত্র আছে।

‎আটলান্টার ম্যাচে তার বাম পায়ের ট্রেডমার্ক ফ্রি কিকে জয়সুচক গোল করা মেসি তার দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয় ছিল। পুরো দল দুর্দান্ত চেষ্টা করেছে। আমরা খুব ভালোভাবে খেলেছি। আমরা শুধু রক্ষণ করিনি, বরং দ্বিতীয়ার্ধে এবং দ্বিতীয় গোল হওয়ার আগ পর্যন্ত বল খুব ভালো নিয়ন্ত্রণ করেছি।”



‎প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পোর্তোর বিরুদ্ধে এই জয় ইন্টার মায়ামিকে স্বস্তি দিয়েছে। মেসি বলেন, “প্রথম ম্যাচের পর আমাদের মনে একটা তিক্ত স্বাদ ছিল, কারণ আমরা ভেবেছিলাম আমরা জিততে পারতাম, কিন্তু প্রথম অর্ধে তাদের সুযোগ এবং পেনাল্টি ছিল বলে আমরা হারতেও পারতাম।”

‎নিজের চোখ ধাঁধানো ফ্রি-কিক গোল প্রসঙ্গে মেসি বলেন, “আমি দেখলাম গোলরক্ষক কিছুটা মাঝখানে দাঁড়িয়ে ছিল, সে গোলের কাছাকাছি ছিল এবং বল উপরে পাঠানো কঠিন হবে। সে যে জায়গাটা ছেড়ে দিয়েছিল, আমি সেটারই সুযোগ নিয়েছি, কারণ সে তার পোস্ট ততটা ভালোভাবে ঢাকেনি।”


‎৩৮ বছর বয়সী মেসি আরও উল্লেখ করেন, “আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এবং আজ আমরা একটি ইউরোপিয়ান দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি।” তিনি স্বীকার করেন যে, “আমরা প্রথম ম্যাচে কিছুটা ঢিলেমি দিয়েছিলাম,” তবে যোগ করেন, “অনেক তরুণ খেলোয়াড় প্রথমবার এমন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলছে, তাই তারা কিছুটা নার্ভাস ছিল।”

‎এই ৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে ইন্টার মায়ামির জয় নিঃসন্দেহে একটি মাইলফলক। টুর্নামেন্টে উচ্চতর লিগের দলগুলোর উপস্থিতির কথা স্বীকার করে মেসি বলেন, " আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের খেলা খেলব। (আমরা) হয়তো ছোট দল, কিন্তু আমরা জানি আমাদের অস্ত্র আছে।”



×
সর্বশেষ সর্বাধিক পঠিত