সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান নিয়ে সামগ্রিকভাবে সন্তুষ্ট দেশের ৬৫.০৭ শতাংশ নাগরিক। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৩.১০ শতাংশ নাগরিকই সরকারি স্বাস্থকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণে সন্তুষ্ট। জরিপ আনুযায়ী নাগরিকদের মধ্যে ৮২.০৩ শতাংশই সরকারি স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং ৮৯.৩৪ শতাংশ একে ব্যয়সাশ্রয়ী বলে মনে করেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বসবাসকারী নাগরিকরা সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থাকে সহজলভ্য আর সাশ্রয়ী মনে করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় পরিচালিত এই বড় আকারের জরিপে অংশ নেন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকরা। ৮ লক্ষাধিক মানুষের মধ্যে জরিপ চালিয়ে ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে ৪৫ হাজার ৮৬৮টি মৌজা বা মহল্লার তথ্য সংগ্রহ করা হয় জরিপে।
এছাড়া জরিপের সরকারি শিক্ষা সংক্রান্ত অংশে দেখা যায় ৪০.৯৩ শতাংশ নাগরিক জানিয়েছেন, তাদের অন্তত একটি সন্তান সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। ৯৬.৪৬ শতাংশ মনে করেন প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান সুবিধাজনক এবং ৬৭.৯৩ শতাংশ নাগরিকই এই শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট। পাশাপাশি ৯২.৬৬ শতাংশ মনে করেন প্রাথমিক শিক্ষার খরচ গ্রহণযোগ্য।
মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, ৮২.২০ শতাংশ নাগরিক বিদ্যালয়ের অবস্থানকে সহজলভ্য বলে মনে করেন এবং ৮০.৮৬ শতাংশ মনে করেন মাধ্যমিক শিক্ষার ব্যয়ও সহনীয়। জরিপে অংশ নেয়া ৭১.৮৬ শতাংশ নাগরিক এসব মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের গুণগত মান নিয়ে সন্তুষ্ট।
