ইহুদিবাদী শত্রু ভয়ানক ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে: খামেনি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:০৯ পিএম

তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এক্সে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, “ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে, করেছে জঘন্য অপরাধ; তাকে শাস্তি পেতেই হবে, এবং সেই শাস্তি ইতোমধ্যেই দেওয়া হচ্ছে—এখনই।” পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি প্রভাবশালী ছবি—পেছনে জ্বলন্ত ভবন, সামনে আগুনে পুড়তে থাকা খুলিতে আঁকা ডেভিডের তারকা।

গত শুক্রবার, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে ইসরায়েল। তারপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। জবাবে তেহরানও তেলআবিব লক্ষ্য করে পালটা হামলা শুরু করে। চলমান এই সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।

সংঘাতের নতুন মোড় নেয় শনিবার, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মার্কিন বি–২ স্টেলথ বোমারু বিমান থেকে একযোগে হামলা চালানো হয় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে। হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, “আমাদের সফল আঘাতে শত্রুর পারমাণবিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে।”

ওয়াশিংটনের এই হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তিনটি পারমাণবিক স্থাপনায় এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যা পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত চুক্তি (এনপিটি) স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র—তিনপক্ষের সরাসরি সংঘাতে পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত