এএফসি চ্যাম্পিয়নদের ৬ গোল দিয়ে শেষ ষোলোতে ম্যান সিটি

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৩৬ পিএম

আগের ম্যাচের একাদশের সবাইকে বদলে গোলের উৎসব করে ক্লাব বিশ্বকাপের পরের ধাপে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার দল। ২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী জয় আল আইনকে স্রেফ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সংযুক্ত আরব আমিরাতের দলটিকে তারা ৬-০ গোলে হারিয়েছে। এই জয়ে নিশ্চিত হয়েছে সাবেক উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ীদের শেষ ষোলোতে খেলা।

আজ সোমবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোল করেছেন ইলকায় গুন্দোয়ান, একটি করে আর্লিং হালান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান চেরকি। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান গুন্দোয়ান। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি।

এচেভারির ফ্রি কিক গোল

প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির স্কোরলাইন ৩–০ করেন আর্লিং হলান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে সিটি। এরমধ্যে ৭৩তম মিনিটে গুনদোয়ান, ৮৪তম মিনিটে অস্কার বব আর ৮৯তম মিনিটে রায়ান চেরকি গোল করেন। এই নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৩টি গোল করল সিটি, হজম করেছে মাত্র ২টি। সব মিলিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত