রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে রুল শুনানি ৭ জুলাই

আপডেট : ২৩ জুন ২০২৫, ০২:১৬ পিএম

রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকারের ওপর দেওয়ার বিষয়ে পঞ্চদশ সংশোধনীর বিধান চ্যালেঞ্জ করে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

গত ১০ মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী একটি রিট আবেদন করেন, যেখানে তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণে ১৯৭২ সালের মূল সংবিধানের বিধান—যেখানে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ নেওয়ার কথা বলা হয়েছে—পুনর্বহালের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চান। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১১ মার্চ আদালত রুল জারি করেন।

রুলে বলা হয়, ‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন’ এই মূল বিধান বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্পিকারকে শপথ পড়ানোর যে বিধান যুক্ত করা হয়েছে, তা কেন ১৯৭২ সালের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন সংশোধনীর ওই অংশ বাতিল বলে গণ্য করা হবে না—তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৪ নম্বর ক্রমিকে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।

শুনানি শেষে ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আজ শুধু শুনানির দিন নির্ধারণের জন্য বিষয়টি তোলা হয়েছিল। রুলের জবাব এখনো হাতে পাওয়া যায়নি। আদালত আগামী ৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত