কুমারখালী

সরকারি বিদ্যালয়ের জমিতে সড়ক নির্মাণের অভিযোগ পৌরসভার বিরুদ্ধে

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর খয়েরচারা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা পারভীন। তবুও নির্মাণ কাজ করেই চলেছেন ঠিকাদারের লোকজন।

কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আকরাজ্জামান বলেন, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ২৫০ মিটার সিসি ঢালাই সড়ক নির্মাণ হচ্ছে খয়েরচারা মাঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে। বর্তমানে গাইড ওয়ালের কাজ চলছে। 

সোমবার (২৩ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয় বন্ধ। বিদ্যালয়ের উত্তর পাশে খেলার মাঠ ঘেঁষে সড়ক নির্মাণের কাজ চলছে। এতে নিম্নমানের সামগ্রী করা হচ্ছে।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের সহযোগী হাবিব কর্কট ভাষায় বলেন, ইউএনওর নির্দেশেই কাজ চলছে। বিদ্যালয়ের জমির বিষয়ে তার সঙ্গে কথা বলেন। তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা পারভীন ফোনে বলেন, সরকারিভাবে বিদ্যালয় ছুটি রয়েছে। সেই সুযোগে পৌর কর্তৃপক্ষ এবং ঠিকাদার যোগসাজশে বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক অবৈধভাবে সড়ক নির্মাণ করছেন। বিষয়টি আমি কিংবা শিক্ষা কার্যালয়ের কেউই জানিনা। এ বিষয়ে ১৮ জুন ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

তবে নেপথ্যে দুই প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ক্রয়কৃত জমি প্লট আকারে বিক্রি করার সুবিধার্থে এবং জমির ভ্যালুয়েশন বৃদ্ধি পাওয়ার সুবিধাগত শর্তে একটি চক্র পৌর সভার কয়েকজন অসাধু চক্রের যোক সাজসে এই রাস্তা নির্মাণ হচ্ছে বলে জানান স্থানীয় বৃদ্ধা জমেলা খাতুন।

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী পৌর প্রশাসক এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ঠিকাদার অনুমতি না নিয়েই কাজ করছিল। আপনাদের কাছ থেকে আরো বিস্তারিত জেনে সেই কাজ বন্ধ করা হয়েছে। লিখিত অভিযোগের তদন্ত শেষে পরে রাস্তা নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে। তবে সরকারি কোনো কাজে অনিয়মের সুযোগ নেই বলে জানান ইউএনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত