শান্তর পর জোড়া সেঞ্চুরির কীর্তি পান্তের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম

দুই দিন আগেই একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তারপর এবার সেই খাতায় নাম লেখালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্ত।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন পান্ত। দ্বিতীয় ইনিংসে আবার স্পর্শ করলেন তিন অংকের রানের মাইলফলক।

দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ফিফটি স্পর্শ করেছিলে ৮ চারে ৮৩ বল খেলে। তবে পরের ৫০ রান তুলতে খেলেন পুরো ওয়ানডে মেজাজে বল খেলেছেন মাত্র ৪৭টি। আরও ৫টি চারের সঙ্গে যোগ হয়েছে দুটি ছক্কা। ১০৯ বলেই স্পর্শ করে ফেলেছিলেন ৯৫ রান। শেষের ৫ রান নিতে সময় নেন আরও ২১ বল। তাতেই গড়ে ফেলেন কীর্তি।

৭৯তম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণে যা ৯৭ তম ঘটনা। তবে উইকেটকিপার হিসেবে এই ঘটনা দেখা গেল দ্বিতীয়বার। ২০০১ সালে অ্যান্ডি ফ্লাওয়ারের কীর্তির ২৪ বছর পর নাম উঠল এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের।

সেঞ্চুরির পর মিডিয়া বক্সের বেলকোনি থেকে ডিগবাজি দেওয়ার ইশারা করেন আরেক ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কার। তবে রিশাভ সেই ঝুঁকি আর নেননি। ইশারায় বলে দিলেন পরে হবে সেটা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত