মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ এ নিয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণার পর ইসারায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার সাথে জরুরী বৈঠকে বসেছেন। এই বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে।
আল জাজিরা জানায় বৈঠকের তথ্য সুরক্ষিত রাখতে একটি গ্যাগ অর্ডার (তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা) জারি করেছে ইসরায়েল। পাশাপাশি নেতানিয়াহু তার সরকারকে ইরানিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোন কথা না বলার নির্দেশনাও দিয়েছেন বলেও জানা গেছে। ফলে ইসরায়েলের পক্ষ থেকেও যুদ্ধবিরতি নিয়ে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোন ধারণা পাওয়া যাচ্ছে না।
তবে মঙ্গলবার সকালেও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ‘পরিস্থিতির কোনো পরিবর্তন নেই এবং জনগণকে এখনও সরকারের ও সেনাবাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে’। ইসরায়েলে এখনও জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে এবং বিভিন্ন স্থান এখনও বন্ধ থাকবে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী।
