ক্লাব বিশ্বকাপে মায়ামির মুখোমুখি মেসির সবচেয়ে অপছন্দের ক্লাব

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:১৫ এএম

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সিংহভাগ সময়টাই কাটিয়েছেন বার্সেলোনায়। এখনো বার্সেলোনার কথা উঠলে মেসির চোখ ছলছল করে। তবে বার্সা ছেড়ে তিনি যে দুই বছর পিএসজিতে খেলেছেন, সেই সময়টা ছিল তার জন্য খুব অশান্তির। ইন্টার মায়ামিতে যাওয়ার পর ফরাসি ক্লাবটির বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন মেসি। ভাগ্যের খেলায় এবার ক্লাব বিশ্বকাপে পিএসজিই তাদের প্রতিপক্ষ।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে ২-২ ড্র করেছে ইন্টার মায়ামি। তবে মায়ামির শেষ ষোলোতে ওঠায় কোনো সমস্যা হয়নি। গোল করেছেন তাদেও আলেন্দে আর লুইস সুয়ারেজ। ম্যাচজুড়ে মেসি যেন নিজের ছায়া হয়েই ছিলেন। গোল তো করেননই নি, বরং প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে দেখেছেন হলুদ কার্ড।

অন্যদিকে সোমবার রাতে সিয়াটল সাউন্ডনেসের বিপক্ষে ২–০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পিএসজি। গোল করেন খিচা কাভারাস্কেইয়া এবং আশরাফ হাকিমি। ফলে শেষ ষোলোর ম্যাচে মায়ামির মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি! মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী ২৯ জুন রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মেসি খেলবেন তার সবচেয়ে অপছন্দের ক্লাবটির বিপক্ষে, যে ক্লাবটি এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে! পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফি চ্যাম্পিয়নস লিগ জেতার জন্যই মেসি-নেইমারদের দলে নিয়েছিলেন। কিন্তু তারা সফল হননি। অনেকটা তারকাবিহীন দল নিয়েই ইউরোপসেরা হয়েছে পিএসজি। সেই দলের বিপক্ষে এবার মেসিরা কেমন করেন- সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত