সাবিনা-মাসুরাদের প্রশ্নে আফিদা-বাটলারের ‘নো কমেন্টস’

প্রিয় শিষ্যের এমন উত্তরে বেজায় খুশি পিটার বাটলার। বলেছেন, পুরনো বিষয় ভুলে যেতে।

 

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:০৮ পিএম

এএফসি ওমেন্স এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে আজ মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। ইয়ানগুনে ২৯ জুন শুরু হবে বাংলাদেশের অভিযান। তার আগে মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার। একই সংবাদ সম্মেলনে কোচ ঘোষণা করেন ২৩ সদস্যের চূড়ান্ত দল। যে দলে যথারীতি জায়গা পাননি টানা দুটি সাফজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সেন্টারব্যাক মাসুরা পারভীন ও রাইট উইঙ্গার সানজিদা আক্তার। বাটলারের গুড বুক থেকে আগেই কাটা পড়েছেন তারা। দলের নেতৃত্ব পাওয়া আফিদা খন্দকারও পুরনোদের প্রসঙ্গে থাকলেন প্রতিক্রিয়াহীন। এই তিন অভিজ্ঞকে দলে প্রয়োজন ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আফিদার দুই শব্দের ছোট জবাব, 'নো কমেন্টস।'

প্রিয় শিষ্যের এই জবাব দিতে দেখে পাশে বসা পিটার বাটলারও বেজায় খুশি। সংবাদ সম্মেলনেই আফিদার পিঠ চাপড়ে দিলেন ব্রিটিশ কোচ। এরপর নিজ থেকেই বললেন, ‘এই কক্ষে কিছু লোক আছে যারা বিতর্ক পছন্দ করে, পুরনো গল্প ঘাঁটতে ভালোবাসে। এই প্রশ্ন একজন তরুণী খেলোয়াড়কে জিজ্ঞেস করা ঠিক হয়নি। এই প্রশ্ন যদি করতেই হয়, আমাকে করুন। আর আমার কাছে যদি জবাব চান তাহলে আমিও বলবো- নো কমেন্টস।'

প্রশ্নকর্তা একই প্রশ্ন বাটলারকে করলে কোচ জবাব দেন ঘুড়িয়ে, ‘আপনি কিন্তু উমহেলাকে নিয়ে কোন প্রশ্ন করেননি। উমহেলা একজন অসাধারণ তরুণ খেলোয়াড়। আমার মতে, ওর মতো প্রতিভা খুব কমই এসেছে এই ফেডারেশনে। (তাই বলছি) পুরনো বিষয় ভুলে যান। নতুনদের দিকে তাকান। আমি যাদের নির্বাচন করেছি, তারাই আমার মতে এই টুর্নামেন্টে সফল হওয়ার জন্য উপযুক্ত ২৩ জন। পুরনো খবর নিয়ে পড়ে থাকবেন না। এগিয়ে যান।’

জর্দান সফরের স্কোয়াড থেকে তিন জনকে বদলে মিয়ানমার সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত