প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:০০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এটি ছিল রাষ্ট্রদূত প্লানার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। মঙ্গলবার (২৪ জুন) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণেরও স্বাধীনতা, শান্তি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন।

এসময় রাষ্ট্রদূত প্লানা কসোভো প্রজাতন্ত্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও অটল সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ১৯৯০-এর দশকের শেষের দিকে এই অঞ্চলে সশস্ত্র সংঘাতের পর কসোভোবাসীদের জীবন পুনর্গঠনে গ্রামীণ কসোভোর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি মূল্যবান অংশীদার হিসেবে বিবেচনা করি। এবং আমি আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রতিও আমার শ্রদ্ধা জানাতে চাই।’

‘গ্রামীণ ট্রাস্টের আপনার উদ্যোগ আমাদের জাতির জন্য এক বিরাট সমর্থন। আমাদের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বাংলাদেশ এক মূল্যবান অংশীদার,’ বলেন প্লানা। যুদ্ধ-পরবর্তী সময়ে কসোভোতে বাংলাদেশি শান্তিরক্ষীদেরও অবদানের জন্যও ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রফতানিমুখী পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি কসোভোকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রদূত প্লানা দুদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশের বাণিজ্য ও শিল্প চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মানবিক সংযোগ জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা কসোভোর বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সহায়তার আহ্বান জানান। তিনি আরও প্রস্তাব দেন, কসোভোর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা বাড়াতে হবে এবং সে লক্ষ্যে বৃত্তি, ফেলোশিপ ও একাডেমিক অনুদান প্রদান করা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত