গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল : স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৩০ পিএম

অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৬ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯টি মৃতদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়ও আরও ৩৯১ জন আহত হয়েছে। এ নিয়ে চলমান হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ২৩৯ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

গত ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় আক্রমণ শুরু করে, যার পর থেকে আরও ৫ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২০ হাজার ১৯৮ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে পড়ে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত