ভারত ভাবছে বুমরাকে না খেলাতে, ইংল্যান্ড দলে নিয়েছে আর্চারকে

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৫০ পিএম

ওয়ার্কলোড কমাতে ভারত যখন দ্বিতীয় টেস্টে জাসপ্রিত বুমরাকে না খেলানোর কথা ভাবছে, তখন সিরিজে এগিয়ে যাওয়া ইংল্যান্ড তাদের পেস বোলিংয়ে শক্তি বাড়াচ্ছে। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন জোফরা আর্চার। ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত দলে আর্চারই একমাত্র নতুন সংযোজন।

৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার ২০২১ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন। এরপর তিনি বেশ কয়েকবার কনুই, পিঠ ও সর্বশেষ আইপিএলে আঙুলে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। ২০২৩ সালে বাংলাদেশ সফরে ওয়ানডেতে খেলার পর থেকে জাতীয় দলে খুব একটা দেখা যায়নি তাকে।

সম্প্রতি সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে এক উইকেট এবং ৩১ রানের ইনিংস খেলে ফেরার বার্তা দিয়েছেন আর্চার। সেই পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন তিনি।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আর্চারের অভিষেকটা ছিল ঝলমলে। বিশ্বকাপ ফাইনালের সুপার ওভার জেতানো বল এবং এরপর অ্যাশেজে চার ম্যাচে ২২ উইকেট নিয়ে সকলের দৃষ্টি কাড়েন। কিন্তু চোটে ভরা সময় তাকে ছিটকে দেয় ধারাবাহিকভাবে জাতীয় দল থেকে।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত