ইংলিশ ফুটবলের সাবেক মহাতারকা এবং ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম হাসপাতালে ভর্তি। তিনি হাতে চোট পেয়েছেন বলে জানা গেছে। স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই সংবাদ দিয়েছেন। ২২ বছর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি হাতে চোট পেয়েছিলেন। সেই হাতেই এবার চোট দেখা যাচ্ছে।
ভিক্টোরিয়ার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বেকহ্যাম। তার ডান হাতটি একটি স্লিং পাউচের মাঝে ঢোকানো। বেকহ্যামের আঘাত কটা গুরুতর সে বিষয়ে কিছুই জানাননি ভিক্টোরিয়া। তবে ছবি তোলার সময় হাসিমুখেই পোজ দিয়েছেন বেকহ্যাম। সূত্রের বরাত দিয়ে 'দ্য সান' জানিয়েছে, বছরের পর বছর ধরে তিনি এই হাতের যন্ত্রণায় ভুগছিলেন। কিন্তু বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দলের পাশপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন বেকহ্যাম। ক্যারিয়ার শেষেও যুক্ত আছেন ফুটবলে। তার কথাতেই লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বলে শোনা যায়। দুজনের সম্পর্কটাও দারুণ। ব্যক্তিগত জীবনেও অসংখ্য দম্পতিদের আদর্শ হয়ে আছেন বেকহ্যাম এবং ভিক্টোরিয়া।
গত বছর শোনা গিয়েছিল, বেকহ্যাম এবং ভিক্টোরিয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইংলিশ তারকা দম্পতিকে নিয়ে এমন গুঞ্জন নতুন নয়। এর আগেও ২০০৪ সালে রেবেকা লুস নামের এক তরুণী প্রকাশ্যে অভিযোগ করেন, বেকহ্যামের সঙ্গে তার সম্পর্ক ছিল। ২০১৬ সালেও তাদের সম্পর্কে চিড় ধরার গুজব ছড়িয়েছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দুজনে সুখে-শান্তিতেই সংসার করে যাচ্ছেন।
মুশফিককে টপকে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন লিটনের
রোনালদোর বেতন চোখ কপালে ওঠার মতো! মেসির চেয়েও অনেক বেশি
দুর্দান্ত জয়ে জুভেন্তাসের মুখোমুখি রিয়াল মাদ্রিদ