স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদরাসা শিক্ষক কারাগারে

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:৫৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) কক্ষে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. আব্দুল করিম (৩০)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দড়ি কোমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসার শিক্ষক। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার পাতাখালি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুমারখালী আলাউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী ও তার ছোট ভাই (৭) মাদরাসার সামনের সড়কে বৃষ্টির পানিতে গোসল করছিল। এ সময় মাদরাসার এক ছাত্রের (১১) মাধ্যমে স্কুল ছাত্রীকে মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত শিক্ষকের কক্ষে ডেকে নেন। এরপর তিনি কক্ষের দরজা বন্ধ করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনার শিকার ছাত্রী বলেন, মাদরাসার সামনের সড়কে বৃষ্টির পানিতে গোসল করছিলাম। সেসময় হুজুর এক ছাত্রের মাধ্যমে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আমি আসামির উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, কক্ষে ডেকে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলায় মাদরাসা শিক্ষক আব্দুল করিমকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত