মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ জুন) দুপুরে তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নিহত ছাত্রীর বাড়িতে যান। সেখানে স্বজনদের সান্ত্বনা দেন।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি ওসিকে স্পষ্ট করে বলেছি আপনার কলম যেন ন্যায়ের পক্ষে চলে। মামলার তদন্ত কর্মকর্তা যদি কারো প্রভাবে নয়ছয় করতে চান, তবে শুধু আল্লাহর কাছেই নয় এই দুনিয়াতেও জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু ছাড় দেব না।
তিনি বলেন, আনজুমকে হত্যার পর জুনেলের স্বীকারোক্তি, জুলুমের বিবরণ ও সাক্ষ্য-প্রমাণ সবই স্পষ্ট। তারপরও যদি বিচার না হয়, তাহলে এই এলাকায় আরও শয়তান জন্মাবে। এটা মেনে নেওয়া যায় না।
ডা. শফিকুর বলেন, আমি এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটাই আমরা চাই। কিন্তু যদি দেখি স্বাধীন বিচারককে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে, তাহলে জনগণের পক্ষ থেকে আমি প্রতিরোধ গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, গাংগুল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলী, সাবেক উপজেলা আমির আব্দুল হামিদ খান, উপজেলা শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও আলাউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য আজিজ আহমদ কিবরিয়া, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন, কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।
গত ১২ জুন স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে নৃশংসভাবে হত্যা করে জুনেল মিয়া। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
