ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:০১ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা হয় এ সংক্রান্ত একটি প্রস্তাব তুলেছিল ডেমোক্র্যাটরা। গত শুক্রবার সিনেটে এই প্রস্তাব তোলা হয়। কিন্তু রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেট প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প ভবিষ্যতে ইরানে আরও বোমা হামলা করতে পারেন এরকম আলোচনা যখন চলছিল এর কয়েক ঘণ্টা পরেই তার বিরুদ্ধে প্রস্তাবটি পেশ করে ডেমোক্র্যাটরা। প্রস্তাবটি পাস হলে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করতে পারতেন না ট্রাম্প।

সিনেটে ওয়ার পাওয়ার রেজোলিউশন (যুদ্ধের ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব) প্রস্তাবটি উত্থাপনের পর ভোটের আয়োজন করা হয়। ফলাফল অনুযায়ীয় ৫৩-৪৭ ভোটের ব্যবধানে বাতিল ঘোষণা কার হয় প্রস্তাবটিকে।

প্রস্তাবটি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে নতুন কোনো আক্রমণের আগে কংগ্রেসের অনুমতি লাগত। ভোটটি দলীয় লাইনে হয়, তবে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট জন ফেটারম্যান রিপাবলিকানদের পক্ষে ‘না’ ভোট দেন। আর কেন্টাকির রিপাবলিকান র‍্যান্ড পল ‘হ্যাঁ’ ভোট দেন ডেমোক্র্যাটদের পক্ষে।

প্রস্তাবটির প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন বহু বছর ধরে কংগ্রেসের যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। দেশটির প্রেসিডেন্ট রিপাবলিকানই হোক বা ডেমোক্র্যাট সবাইকেই বাধ্যতামূলক কংগ্রেসের অনুমতি নেওয়ার আইন তিনি প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

কেইন বলেন, তার এই সাম্প্রতিক উদ্যোগ আবারও প্রমাণ করে যে মার্কিন সংবিধান কেবল কংগ্রেসকেই যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়ার আগে স্পষ্টতই যুদ্ধ ঘোষণা অথবা সামরিক শক্তি ব্যবহারের নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত