ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরি

আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:৩২ পিএম

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবে এবং তা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ইউক্রেনকে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও সতর্ক করেছেন।

বহুদিন ধরেই ইউক্রেন সংকটে ব্রাসেলসের নীতির বিরোধিতা করে আসছে বুদাপেস্ট। বিশেষ করে অস্ত্র সরবরাহ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে। এছাড়া তারা ইউক্রেনকে ন্যাটো বা ইইউতে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধেও মত দিয়েছে।

শনিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে অরবান লিখেছেন, ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তবে এর মানে হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ। আর পরদিনই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার জন্য ইইউ যেভাবে তাড়াহুড়ো করছে তাতে যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়বে।’

অরবান ইইউ নেতাদের এই কার্যকলাপকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে বলেন, আমি ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না।’

হাঙ্গেরির একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করলে গোটা ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি হাঙ্গেরির অর্থনীতিও ধ্বংস হবে।

ইউক্রেনের সস্তা কৃষিপণ্যের কারণে হাঙ্গেরির কৃষকদের বাজার নষ্ট হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত