মুরাদনগরে নারীকে গণধর্ষণ

ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:২২ এএম

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) গভীর রাতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন রাতে মুরাদনগরের  রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হয়। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। 

এ ঘটনায় মুরাদনগর থানা পুলিশ ধর্ষককে গ্রেপ্তারপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ জুন) বিকালে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তার স্বামী দুবাই প্রবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত