রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আজ সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দিনের যে কোনো সময় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার সকাল থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ঢাকায়। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে। একই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এই ধারাবাহিকতা আগামী তিন দিন অব্যাহত থাকবে। তবে ১ জুলাই সন্ধ্যার পর থেকে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশির ভাগ জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। ২ জুলাই থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদেরা।
তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো উদ্বেগ নেই। আগামী তিন দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ১ জুলাইয়ের পর থেকে সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিত অংশ ছড়িয়ে পড়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এই অবস্থায় জনগণকে প্রয়োজনমতো ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণাঞ্চলে সম্ভাব্য ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শহরবাসীকেও সাবধানতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনি নিহত