নারায়ণগঞ্জ

টেন্ডার নিয়ে বিরোধে সাবেক উপজেলা চেয়ারম্যানকে বিবস্ত্র করে মারধর

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম

টেন্ডার নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিষ্কৃত নেতা ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে (৬৮) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এসময় মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার পরণের জামা কাপড় ছিড়ে ফেলে বিবস্ত্র করে বিএনপি নেতাকর্মীরা।

রবিবার বেলা পৌনে ১ টায় বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বন্দর থানা পুলিশের চারজন সদস্য উপস্থিত থাকলেও তাদের সামনেই তাকে মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর দিকে।

আহত সাবেক চেয়ারম্যান মুকুল অভিযোগ করে বলেন, বন্দরের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহের একটি টেন্ডার আমরা পেয়েছি। আজকে এই কাজের ওয়ার্ক অর্ডার সিগনেচার করার শেষদিন ছিল। এখানে ঝামেলা হতে পারে এই চিন্তা করে আগেই থানায় জিডি করে রাখি ও সঙ্গে চারজন পুলিশ নিয়ে হরিপুর আসি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সোনারগাঁয়ের বিএনপি নেতা বজলু ও তার ৪০/৫০ জন লোক আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মারধর করে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। সেখানে থাকা দুই পুলিশ সদস্যকেও তারা মারধর করে। তবে কি কারণে তাকে মারধর করা হয়েছে সেটা তিনি জানেন না। এ বিষয়ে তিনি সুস্থ হয়ে আইনগত ব্যবস্থা নেবেন। 

অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি বজলুর রহমান বলেন, ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন একটি ঠিকাদারি নিয়েছে। তার পক্ষ নিয়ে মুকুল আসছেন কাজ করতে। এতে বিক্ষুব্ধ জনতা তাকে হেনস্থা করেছে। আমার এই বিষয়ে কিছু জানা নেই। 

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, বিদ্যুৎ কেন্দ্রের একটি কাজ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে তার ওপর হামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছিল, কিন্তু পুলিশ সদস্যদের মারধরের খবর পাইনি। ভুক্তভোগী হাসপাতালে আছেন, সেখান থেকে ফিরে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত