যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ এক বিস্ফোরণে পরপর তিনটি ভবন ধসে পড়েছে। গতকাল রবিবার ভোরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দুই নারী। খবর: এনবিসি নিউজ
ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে শহরের ১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট এলাকায় বিস্ফোরণের খবর পান তারা।
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি। তিনি বলেন, একই সারিতে দাঁড়িয়ে থাকা তিনটি ভবনে বিস্ফোরণের পর একে অপরের ওপর ধসে পড়ে আগুন ধরে যায়।
ম্যাককার্টির ভাষ্য অনুযায়ী, প্রথমে ধারণা করা হচ্ছিল সেখানে বেশ কয়েকজন আটকা পড়েছেন। উদ্ধারকাজ চালিয়ে দুজন বৃদ্ধ নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উদ্ধারের কিছুক্ষণ পরেই দমকল বিভাগ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
বিস্ফোরণের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত একটি বাড়ির আশপাশে দ্বিতীয়বারের মতো ধস নামলে আশেপাশের আরও অন্তত পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনার তদন্ত চলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
মেঘের আনাগোনা দিনভর, বৃষ্টির দেখা মিলতে পারে কোথাও কোথাও
খাদ্যের আশায় জড়ো হয়ে প্রাণ হারালেন ৭২ ফিলিস্তিনি