ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ৪-০ গোলে ইন্টার মায়ামির হারের পর লিওনেল মেসির সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। তবে সাবেক সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ স্পষ্ট জানিয়ে দিলেন, এ হার মেসির নয়, বরং ইন্টার মায়ামির।
ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি দেখিয়ে দিয়েছে আধুনিক ফুটবল কীভাবে খেলতে হয়। ম্যাচজুড়েই তারা দাপট দেখিয়েছে, আর ইন্টার মায়ামি যেন কেবল দর্শক হয়ে ছিল। আক্রমণ কিংবা রক্ষণ—দুটোতেই ছিল একরাশ ব্যর্থতা।
সামাজিক মাধ্যমে অনেকেই মেসিকে নিয়ে সমালোচনায় মেতেছেন। বলেছেন, তার সময় বুঝি শেষ! তবে জ্লাতান ইব্রাহিমোভিচ সেটা মানতে নারাজ। ফুট মারকাটোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মেসি হেরেছে? না না, এটা মেসির পরাজয় নয়। এটা ইন্টার মায়ামির পরাজয়। তুমি দলটা দেখেছো? ওটা যেন কোনো দল নয়, একটা ভাস্কর্য প্রদর্শনী! মেসি খেলছে পাথরের মূর্তিদের সঙ্গে!"
মেসির প্রশংসা করে ইব্রাহিমোভিচ আরও বলেন, "মেসি এখনো এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ ফুটবলার পারে না। ও এখনো শুধু খেলার প্রতি ভালোবাসা থেকে খেলে। কিন্তু ওর চারপাশে যারা আছে, তারা যেন সিমেন্টের বস্তা পিঠে নিয়ে দৌড়াচ্ছে!"
মেসির সমালোচকদের উদ্দেশেও হুঁশিয়ারি জ্লাতানের:"তোমরা মেসিকে দোষ দিচ্ছো? ও যদি রোনালদো, এমবাপ্পে, হল্যান্ড কিংবা আমার সঙ্গে খেলত, তাহলে কথা বলতে! এখন তো এমন একটা লিগে খেলছে যেখানে না কোচ আছে, না কোনো খেলার বোধসম্পন্ন ফুটবলার!"
সবশেষে সাবেক সুইডিশ তারকা বলেন, "যদি ওকে একটা আসল দল দেওয়া হয়, স্টেডিয়াম জ্বালিয়ে দেবে সে! কারণ মেসি এখনো মেসিই। এটা তার পরাজয় নয়, এটা ইন্টার মায়ামির এবং ফুটবলের পরাজয়।"
আমরা কি বিশ্ব মঞ্চে মেসির শেষ ম্যাচ দেখে ফেললাম!
মেসি বললেন, 'আমরা ভালো খেলেছি, কিন্তু পিএসজি এক অন্য গ্রহের দল'