বাংলাদেশি আম্পায়ারদের মানোন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টউফেলের সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে বোর্ড। মূলত ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত সিদ্ধান্ত ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে দেশি আম্পায়ারদের মানোন্নয়নের লক্ষ্যেই অভিজ্ঞ এই আম্পায়ারের শরণাপন্ন হয়েছে বিসিবি।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন টাফেলের সঙ্গে চুক্তির বিষয়টি। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টউফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁর সঙ্গে ৪-৫ মাস ধরেই কথা হচ্ছিল। বিষয়টি এখন বোর্ডে অনুমোদিত হয়েছে। আমাদের ৩ বছরের চুক্তি হয়েছে তাঁর সঙ্গে।’
এই চুক্তির আওতায় তিনটি ধাপে কাজ করবেন টউফেল। দেশজুড়ে আম্পায়ার উন্নয়নে ১০-১৫ জন স্থানীয় ট্রেনার গড়ে তোলা হবে, যারা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন।
অবসরে যাওয়ার আগ পর্যন্ত টউফেল ছিলেন বিশ্বের সবচেয়ে সম্মানিত আম্পায়ারদের একজন। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে থেকে বিশ্বকাপ, অ্যাশেজসহ গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টেই আম্পায়ারিং করেছেন তিনি।
বিশেষ করে ২০০৪ থেকে ২০০৮— টানা পাঁচ বছর আইসিসির ‘আম্পায়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে গড়েছেন অনন্য এক রেকর্ড। দীর্ঘ ক্যারিয়ারে ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসর নিয়ে পরে আইসিসির আম্পায়ার কোচ হিসেবেও কাজ করেছেন।
